| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজ্ঞাপন বিতর্কে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৩:২৮:০১:পূর্বাহ্ন  |  ১৩০৪৪৪৩ বার পঠিত
বিজ্ঞাপন বিতর্কে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
ছবির ক্যাপশন: বিজ্ঞাপন বিতর্কে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্ক নিয়ে আবারও উত্তেজনা। নতুন করে আর বাণিজ্য আলোচনা শুরু করবে না ওয়াশিংটন—এমন কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রচারিত একটি রাজনৈতিক বিজ্ঞাপন এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে।

শনিবার (১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে তৈরি বিজ্ঞাপনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তার দাবি বিজ্ঞাপনটি “ভুয়া” এবং উদ্দেশ্যপ্রণোদিত।

গতকাল শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাকে ফোন করে দুঃখ প্রকাশ করলেও আলোচনা আর শুরু হবে না। আমি তাকে অনেক পছন্দ করি। কিন্তু তারা যা করেছে তা ভুল ছিল। বিজ্ঞাপনটি ভুয়া বলে তিনি ক্ষমা চেয়েছেন,  বলেন ট্রাম্প।

কানাডার প্রধানমন্ত্রী কার্নির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেন ট্রাম্প। পাশাপাশি কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।

অন্টারিও প্রাদেশিক সরকারের সেই বিজ্ঞাপনে রিগানের ভাষণ উদ্ধৃত করে বলা হয়, বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ তৈরি করে এবং কর্মসংস্থান ধ্বংস করে। পরে জানা যায়, রিগানের বিভিন্ন পুরোনো বক্তব্য কেটে বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল—যদিও সব উক্তিই ছিল তারই মূল বক্তব্যের অংশ।

বিতর্ক ছড়িয়ে পড়ার পর অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড বিজ্ঞাপন প্রচার বন্ধ করেন এবং জানান, দুই দেশের আলোচনার পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে চান না। অন্যদিকে কার্নি বলেন, কানাডা আলোচনায় ফিরতে প্রস্তুত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার; কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে যায়। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির জেরে দুই দেশের বাণিজ্য সম্পর্কে বাড়ছে অস্থিরতা ও অনিশ্চয়তা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪