রিপোর্টার্স ২৪ডেস্ক: তুরস্কের একটি আদালত ৭৮ জনের প্রাণহানির মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। চলতি বছর জানুয়ারিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বোলু পাহাড়ে অবস্থিত স্কি নামের একটি রিসোর্টে আগুন লেগে ওই প্রাণহানির ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ।
শুক্রবার (৩১ অক্টোবর) বোলু প্রদেশের আদালত এই রায় ঘোষণা করে বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে দণ্ডপ্রাপ্তদের মধ্যে গ্র্যান্ড কারটাল হোটেলের মালিক হালিত এরগুল আছেন ।
রিসোর্টটিতে সেদিন অবস্থান করছিলেন ২৩৮ জন অতিথি । ১২ তলা ভবনের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর আতঙ্কিত অতিথিরা মাঝরাতে জানালা ভেঙে বাইরে লাফিয়ে পড়েন। আগুনে নিহতদের মধ্যে ৩৪ শিশুও ছিল। দুর্ঘটনায় আরও ১৩৭ জন আহত হন। স্কুল ছুটির সময় ইস্তাম্বুল ও আঙ্কারার বহু পরিবার বোলু পাহাড়ে স্কি করতে গিয়েছিল।
স্বাধীন বিশেষজ্ঞরা জানান, কারটালকায়া স্কি রিসোর্টে অবস্থিত হোটেলটিতে অগ্নি নিরাপত্তার মৌলিক ব্যবস্থা পর্যন্ত ছিল না।
দুর্ঘটনার দায়ে মোট ৩২ জনের বিরুদ্ধে মামলা চলছিল। বিচার শুরু হওয়ার আগেই আটক ছিলেন ২০ জন । হোটেলের মালিক ছাড়াও অভিযুক্তদের মধ্যে হোটেল পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপক, কর্মচারী, এক সহকারী মেয়র এবং দমকল বিভাগের কয়েকজন কর্মী ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি