রিপোর্টার্স২৪ ডেস্ক : চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২ লাখ ২,৯২৯ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন। এটি গত বছরের তুলনায় ১২৭.৮ শতাংশ বৃদ্ধি।
বুধবার (৫ নভেম্বর) কুয়ালালামপুরের মেরকিউর হোটেলে নিরব এসডিএন বিএইচডি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি উপমন্ত্রী দাতুক খাইরুল ফিরদাউস আকবর খান।
উপমন্ত্রী বলেন, এই অর্জন দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতার প্রতিফলন। অনুষ্ঠানে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য নিরব এসডিএন বিএইচডির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়।
তিনি আরও জানান, পর্যটন মালয়েশিয়া বাংলাদেশের বাজারে সক্রিয় প্রচারণা চালাচ্ছে। ঢাকায় অনুষ্ঠিত ‘ঢাকা ট্রাভেল মার্ট’ ও আসন্ন ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’-এ অংশগ্রহণের পাশাপাশি ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ উদ্যোগ বাংলাদেশি পর্যটকদের মধ্যে মালয়েশিয়ার জনপ্রিয়তা বাড়াচ্ছে।
উপমন্ত্রী খাইরুল ফিরদাউস আরও বলেন, মালয়েশিয়া বিশ্বমানের চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের কেন্দ্র হিসেবে স্বীকৃত। জোহর মেডিকেল গ্রুপ, কেএল ফার্টিলিটি, প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার ও হেল্প ইউনিভার্সিটি বাংলাদেশের বাজারে সক্রিয়ভাবে কাজ করছে, যা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ, পাসপোর্ট উইং প্রধান ইয়াসিন কবিরসহ সরকারি-বেসরকারি প্রতিনিধি, পর্যটন উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মীরা।
নিরব এসডিএন বিএইচডির প্রধান নির্বাহী গিয়াস আহমদ বলেন, “আমরা মালয়েশিয়া ও বাংলাদেশের মানুষের মধ্যে বিশ্বাসের সেতু তৈরি করছি। প্রতিটি রোগী ও শিক্ষার্থী যেন পেশাদার, সৎ ও সহানুভূতিশীল সেবা পান—এটাই আমাদের লক্ষ্য।”
রিপোর্টরার্স২৪/আরকে