রিপোর্টার্স২৪ ডেস্ক : মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, সরকারি বৈঠক থেকে হেঁটেই আরেক বৈঠকে যাওয়ার সময় তিনি রাস্তার মধ্যে যৌন হেনস্তার শিকার হয়েছেন। অভিযোগ, একজন পুরুষ তাকে জড়িয়ে ধরেন এবং চুমু খাওয়ার চেষ্টা করেন।
রয়টার্স জানিয়েছে, ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর শেইনবাউম বুধবার ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “যদি প্রেসিডেন্টের সঙ্গেও এমন ঘটনা ঘটে, তাহলে আমাদের দেশের তরুণী নারীদের নিরাপত্তা পরিস্থিতি কেমন তা স্পষ্ট।”
মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্রস্থলে ঘটেছে এই ঘটনা। প্রেসিডেন্ট সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন মধ্যবয়সী এক ব্যক্তি তাকে জড়িয়ে ধরেন। শেইনবাউমের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ওই সময় কাছে ছিলেন না। তিনি জানিয়েছেন, ব্যক্তিটি সম্ভবত মাতাল ছিল।
শেইনবাউম জানিয়েছেন, তিনি জনতার কাছে থাকার অভ্যাস পরিবর্তন করবেন না, তবে নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকবেন।
রিপোর্টার্স২৪/আরকে