ইন্টারন্যাশনাল ডেস্ক: টাইফুন কালমেগির ভয়াবহ তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে ফিলিপাইনের বহু জনপদ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রবল এই ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে। এছাড়া এখনও নিখোঁজ আছেন আরও ১২৭ জন। সুতরাং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ঝড়টি ফিলিপাইনের মধ্যাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে অগ্রসর হয়ে পুনরায় শক্তি সঞ্চয় করছে এবং ভিয়েতনামের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ভিয়েতনামের জিয়া লাই প্রদেশে ঝড়ের প্রভাবে ৩ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নিম্নাঞ্চলে বন্যা, ফসলের ক্ষতি ও যোগাযোগব্যবস্থায় বিঘ্ন হতে পারে।
ফিলিপাইনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশ সেবুতে বন্যার পানি নেমে যাওয়ার পর ধ্বংসযজ্ঞের চিত্র স্পষ্ট হয়ে উঠছে। সেখানের ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে, গাড়ি উল্টে পড়েছে, রাস্তাগুলো ভরে গেছে ধ্বংসস্তূপে। ঝড়ের আগেই দেশজুড়ে দুই লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন অনেকে ঘরে ফিরছেন, কেউবা ভাঙাচোরা বাড়িঘর পরিষ্কার করে নতুন করে জীবন শুরুর চেষ্টা করছেন।
ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রাফি আলেহান্দ্রো স্থানীয় রেডিও উতইই-কে বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধ্বংসাবশেষ অপসারণ। নিখোঁজদের খোঁজ পাওয়া ও ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে চালানোর জন্য দ্রুত পদক্ষেপ নেয়া।
এদিকে, কালমেগি ফিলিপাইন অঞ্চল ত্যাগ করলেও মিন্ডানাও দ্বীপের পূর্বে আরেকটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে যা আগামী সপ্তাহের শুরুতে টাইফুনে রূপ নিতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে। চলতি বছর এটি ছিল ফিলিপাইনের ২০তম ঝড়। যা মাত্র এক মাস আগেই উত্তর সেবুতে আঘাত হানা ৬.৯ মাত্রার ভূমিকম্পের পর দেশটিকে আবারও বিপর্যস্ত করে দিয়েছে।
ভিয়েতনামে কালমেগি প্রবেশের আগে এটি আরও শক্তি সঞ্চয় করছে এবং কেন্দ্রীয় কফি উৎপাদন অঞ্চলগুলোতে তীব্র আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেখানে ফসল সংগ্রহ মৌসুম চলায় কৃষকদের উদ্বেগ বেড়েছে। স্থানীয় প্রশাসন সম্ভাব্য উদ্ধার, ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য হাজার হাজার সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব