রিপোর্টার্স২৪ ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল প্রাঙ্গণে অবস্থিত মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই ছাত্র ও স্কুল স্টাফ ছিলেন।
শুক্রবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে শহরের পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি বলেছেন, ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে অনেকেই দগ্ধ। কয়েকজনের অবস্থা গুরুতর। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পাঠানো বোমা নিষ্ক্রিয়কারী দল মসজিদের কাছ থেকে কিছু খেলনা অস্ত্র উদ্ধার করেছে। তবে বিস্ফোরণের উৎস ও কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
দেশটির খবরের চ্যানেল কম্পাস টিভি ও মেট্রো টিভির ফুটেজে স্কুলের চারপাশে ব্যাপক পুলিশের উপস্থিতি ও একাধিক অ্যাম্বুলেন্সকে প্রস্তুত থাকতে দেখা গেছে। বিস্ফোরণের ঘটনায় মসজিদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
রিপোর্টার্স২৪/আরকে