| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ছাত্রদলের নেতাকর্মীরা

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭২৫৩৩ বার পঠিত
৭ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ছাত্রদলের নেতাকর্মীরা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদল। তবে নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা না করলেও দ্রুত দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় শাহবাগে কর্মসূচি স্থগিত ও এই হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দৃশ্যমান অগ্রগতির দাবি জানান।

শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘কী করো ইন্টেরিম, হয়ে গেল ৯ দিন’, ‘বাঁচতে হলে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে’, ‘৯ মাসে দুই খুন, ভিসি তোমার অনেক গুণ’, ‘৯ দিন হয়ে গেল, কেউ কিছু জানে না’, ‘এই লড়াইয়ে জিতবে কারা, শহীদ জিয়ার সৈনিকেরা’, ‘বিচার চাই, বিচার চাই, সাম্য হত্যার বিচার’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’ ইত্যাদি স্লোগান দেন।

শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ, ঢাকা মহানগর পূর্বসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। আর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে রাজধানীর সরকারি বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা মহানগর পশ্চিমসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অবস্থান নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, শাহরিয়ার আলম সাম্য হত্যার ৯ দিন পার হলেও প্রশাসন জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। তারা দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।

কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, আমরা বৃষ্টি উপেক্ষা করেও কর্মসূচি অব্যাহত রেখেছি। নেতাকর্মীরা সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাস্তায় থাকতে প্রস্তুত।

অন্তর্বর্তী সরকারকে ছাত্রদল নেতাকর্মীদের মনোভাব বোঝার আহ্বান জানিয়ে রাকিবুল বলেন, আমরা সব সময় শান্ত থাকব না। সাম্য হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রাকিবুল ইসলাম বলেন, সাম্য হত্যাকাণ্ডের ৯ দিন পার হলেও প্রশাসন তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে। কিন্তু এই তিনজন খুনের সঙ্গে জড়িত কি না, এ বিষয়ে প্রশাসন তাঁদের আশ্বস্ত করতে পারেনি।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল পৌনে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তারা বৃষ্টির মধ্যে স্লোগানে স্লোগানে উত্তাল করে রাখেন এই গুরুত্বপূর্ণ জায়গা। তাদের অবস্থানের কারণে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যান চলাচল বন্ধ থাকে। সাত ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে যান ছাত্রদলের নেতাকর্মীরা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪