রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আবারও ঢাকায় এসেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। আগামী ১৯ নভেম্বর বিকাল পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে সাবেক এই মার্কিন রাষ্ট্রদূতের এবারের ঢাকা সফরের উদ্দেশ্য নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সফরটি ব্যবসায়িক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশে প্রায় তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন পিটার হাস। ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কৌশলগত উপদেষ্টা হিসেবেও কাজ করছেন তিনি।
বাংলাদেশের জ্বালানি খাতে অ্যাকসিলারেট এনার্জির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটি দেশে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। এর মধ্যে একটি টার্মিনালের মালিক প্রতিষ্ঠানটি নিজেই, অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে।
এ ছাড়া ২০২৬ সালের শুরু থেকে অ্যাকসিলারেট এনার্জির কাছ থেকে এলএনজি কেনার বিষয়ে সরকারের চুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখা এবং শুল্ক ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ জ্বালানি আমদানির একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে।
সেই চুক্তি অনুযায়ী, মার্কিন প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশে প্রায় ১ লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে। ফলে বাংলাদেশের জ্বালানি খাতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম ও সংশ্লিষ্টতা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনায় ছিলেন পিটার হাস
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে বেশ আলোচনায় ছিলেন পিটার হাস। বিশেষ করে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ওপর তিনি ধারাবাহিকভাবে গুরুত্বারোপ করেন।
এ লক্ষ্য সামনে রেখে তিনি নির্বাচন কমিশন, সুশীল সমাজের প্রতিনিধি, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। তার এসব কূটনৈতিক তৎপরতা সে সময় দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে পিটার হাসের কর্মকাণ্ড নিয়ে আপত্তি জানানো হয়। সরকারের পক্ষ থেকে তার কিছু বক্তব্য ও তৎপরতাকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল বলেও অভিযোগ করা হয়েছিল।
অন্যদিকে, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে পিটার হাসের অবস্থান তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ছিল। অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে তার বক্তব্য বিরোধী দলগুলোর দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা আরও বাড়ে।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও নির্বাচনের পরিবেশ ও গ্রহণযোগ্যতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন পিটার হাস। ওই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি বলে তিনি মন্তব্য করেছিলেন।
সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে একসময় আলোচিত এই সাবেক মার্কিন রাষ্ট্রদূতের আবারও ঢাকায় আগমন নতুন করে নানা আলোচনা তৈরি করেছে। তবে এবারের সফরে কার কার সঙ্গে তার বৈঠক হতে পারে কিংবা সফরের মূল উদ্দেশ্য কী, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম