মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে নির্জন সড়কে বোমা বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হাবিব মুন্সি নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি এলাকার বড় খান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাবিব মুন্সি ওই ইউনিয়নের রজ্জব আলীর ছেলে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই নির্জন একটি ইটের সড়কে সিয়াম খা নামের এক যুবক ককটেল বিস্ফোরণ ঘটান। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় হাবিব মুন্সিকে একা পেয়ে একই এলাকার তাফছির ফকির, সিয়াম খা, দিদার খা, সালাউদ্দিনসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
হাবিবের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান বলে জানা গেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম