রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে নতুন ‘ন্যায্য বাণিজ্য চুক্তি’র চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খুব কাছে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের আরোপিত শুল্কও শিগগিরই কমানো হবে।
স্থানীয় সময় গত সোমবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ভারতের জন্য নতুন রাষ্ট্রদূত সের্জিও গোরের শপথগ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা ভারতের সঙ্গে একটি নতুন চুক্তি করছি, যা আগের চুক্তিগুলোর থেকে একেবারেই ভিন্ন। হয়তো তারা এখন আমাকে খুব পছন্দ করছে না, তবে শিগগিরই আমাদের আবার পছন্দ করবে।
ট্রাম্প অনুষ্ঠানে ভারতের প্রশংসা করে বলেন,ভারত বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি এবং অসাধারণ দেশ, যার জনসংখ্যা দেড়শ কোটি। ভারতের রাষ্ট্রদূত হওয়া সত্যিই বড় বিষয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স, সিনেটর মার্কো রুবিও এবং এরিকা কার্ক। তবে কোনো ভারতীয় বংশোদ্ভূত উপস্থিত ছিলেন না।
ট্রাম্প বলেন, আমরা এখন একটি ন্যায্য বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছি। আগে আমাদের সঙ্গে বেশ অন্যায় চুক্তি ছিল। ভারত খুব দক্ষ আলোচক, সের্জিও তুমি বিষয়টা খতিয়ে দেখবে। আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। এটি সবার জন্যই লাভজনক হবে।
ট্রাম্প আরও জানান, ভারতের ওপর শুল্ক মূলত রাশিয়া থেকে তেল আমদানির কারণে আরোপিত হয়েছিল। তারা এখন রুশ তেল আমদানি অনেকটাই কমিয়ে দিয়েছে। শুল্ক কমানো হবে, তবে শুল্ক না থাকলে আমেরিকা অতীতের মতো বড় বিপদে পড়তে পারে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ভারতের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যার মধ্যে রুশ তেল আমদানির ক্ষেত্রে শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত। ভারতের মতে, তাদের জ্বালানি নীতি জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে তৈরি।
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপের পাঁচ দফা আলোচনা সম্পন্ন হয়েছে। বর্তমানে চূড়ান্ত চুক্তির ভাষা ও শব্দচয়ন নিয়ে শেষ পর্যায়ের কাজ চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম