রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে- বরিশাল বিভাগে ১৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৫১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৫ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৫৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৬ হাজার ৯২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট ৩৪৩ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জন মারা যান এবং আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
রিপোর্টার্স২৪/আরকে