| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১৬:৪৪:২৮:অপরাহ্ন  |  ১০১৯৫১১ বার পঠিত
সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কাছে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী, একটি এফ-৩৫ যুদ্ধবিমানের গড় মূল্য প্রায় ৮২ দশমিক ৫ মিলিয়ন ডলার। ট্রাম্প বলেন, আমরা এফ-৩৫ বিমান বিক্রি করতে যাচ্ছি। তারা আমাদের দারুণ মিত্র।

দুই নেতা স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠকে বসবেন। সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের সাত বছর পর এ প্রথমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পর্যালোচনায় বলা হয়েছিল, খাসোগির বিরুদ্ধে অপারেশনের অনুমোদন যুবরাজই দিয়েছিলেন। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

মোহাম্মদ বিন সালমান সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেন ২০১৮ সালে, ট্রাম্পের প্রথম মেয়াদে। ওই বছরই ইস্তাম্বুলে খাসোগি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে গত মে মাসে রিয়াদে ট্রাম্প ও যুবরাজের মধ্যে বৈঠক হয়; তখন সৌদি আরবের কাছে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এটিকে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির অংশ এবং ‘অস্ত্র বিক্রিতে ইতিহাসের সবচেয়ে বড় সমঝোতা’ বলে আখ্যায়িত করে।

সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির খবরে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা বলছেন, এতে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক কৌশল ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে ওই অঞ্চলে একমাত্র ইসরায়েলের হাতেই বর্তমানে এফ-৩৫ রয়েছে।

হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে উদ্বুদ্ধ করতে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করার বিষয়ে চাপ দিতে পারেন। তবে রিয়াদ জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুস্পষ্ট না হলে তারা এ চুক্তিতে যাবে না।

লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ হলো অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন যুদ্ধবিমান। শত্রুপক্ষের রাডারে ধরা না পড়ে আকাশে উড়তে পারে এটি। শত্রু বিমানের থেকে অনেক আগেই তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম এ বিমান।

এফ-৩৫–এর পাইলট হেলমেটে রয়েছে উন্নত ডিসপ্লে সিস্টেম, যার মাধ্যমে অন্যদিকে মুখ করে থাকলেও শত্রু বিমানে আঘাত হানা সম্ভব। পাইলট শত্রুর গতিবিধি শনাক্ত করতে পারবেন, শত্রু রাডার নিষ্ক্রিয় করতে পারবেন এবং সব ধরনের তথ্য অপারেশন কমান্ডারের সঙ্গে তাৎক্ষণিকভাবে শেয়ার করা যাবে।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪