রিপোর্টার্স২৪ ডেস্ক: শুরুতেই ওপেনার হারালেও দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়ে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও উইল ইয়াংয়ের ব্যাটে ভর করে ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় কিউইরা। তবে অর্ধশতক তুলে নেওয়া নিকোলসকে থামিয়ে দেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান। ক্রিজে আছেন ফক্সক্রফট ১৬ ও মুহাম্মদ আব্বাস ৯ রানে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ইনিংসের শুরুটা ভালো হয়নি কিউইদের। সপ্তম ওভারে মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নিক কেলি। তাকে আউট করেন শরিফুল ইসলাম।
দ্বিতীয় উইকেটে উইল ইয়াং ও হেনরি নিকোলস গড়েন ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। এই জুটি ভাঙেন রিশাদ হোসেন, যিনি ইয়াংকে ৩০ রানে ফেরান। এরপর দ্রুতই আউট হন অধিনায়ক টম লাথামও। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে তিনি করেন ১৫ বলে ৯ রান।
ইনিংসের হাল ধরে রাখা নিকোলস খেলেন দায়িত্বশীল ৬৮ রানের ইনিংস। ৮৩ বলে ৯টি চারের সাহায্যে গড়া তার ইনিংস শেষ হয় রিশাদ হোসেনের বলেই, কট বিহাইন্ড হয়ে ফেরেন তিনি।
এরপর মাঝের ওভারে কিছুটা চাপ সামলেও শেষ পর্যন্ত ১৫০ রানের গণ্ডি পেরিয়ে লড়াইয়ের পুঁজি গড়ার পথে নিউজিল্যান্ড।
রিপোর্টার্স২৪/ঝুম