স্টাফ রিপোর্টার: রংপুর নগরীতে মাদককারবার সংক্রান্ত বিরোধের জেরে রাকিব হাসান নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর মাছুয়াপাড়া মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাকিব হাসান নগরীর কামাল কাছনা এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি মহানগর যুবদলের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদককারবার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে রিকশায় করে এসে হামলাকারীরা রাকিবকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা জানান, নিহত রাকিব পূর্বে অভিযুক্ত মমিনের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। পরবর্তীতে বিরোধের কারণে তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর আগেও রাকিবের ওপর হামলার ঘটনা ঘটেছিল বলে দাবি করেন এলাকাবাসী।
নিহতের বাবা আব্দুস সামাদ বলেন, বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর সাড়ে ৪টার দিকে ছেলেকে হত্যার খবর পাই। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
মহানগর যুবদলের ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আজিজুর শেখ বিপ্লব এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান বলেন, প্রাথমিকভাবে পূর্ব বিরোধের তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত মমিনকে চিহ্নিত করা হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।
রিপোর্টার্স২৪/বাবি