রিপোর্টার্স২৪ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি ৪১০ জনের মধ্যে বরিশাল বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩১ জন রোগী রয়েছেন।
এ সময়ের মধ্যে সারা দেশে ৪৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬৫২ জন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ১৯৪ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৩৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
রিপোর্টার্স২৪/আয়েশা