| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিপিসি টার্মিনালে হামলা থামাতে ইউক্রেনকে কাজাখস্তানের আহ্বান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১৬:৪০:০০:অপরাহ্ন  |  ৯৫৯৫৩৪ বার পঠিত
সিপিসি টার্মিনালে হামলা থামাতে ইউক্রেনকে কাজাখস্তানের আহ্বান
ছবির ক্যাপশন: ছবি: রয়টার্স

রিপোর্টার্স২৪ ডেস্ক: কাজাখস্তান ব্ল্যাক সি–তে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এ ধরনের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। হামলায় রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং টার্মিনালের লোডিং অবকাঠামোর গুরুতর ক্ষতি হয়। সিপিসি বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ১% পরিচালনা করে।

রুশ, কাজাখ ও যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানির মালিকানাধীন সিপিসি জানায়, রাশিয়ার নভোরোসিস্ক বন্দরের কাছে ব্ল্যাক সি–তে নৌ–ড্রোনের আঘাতে তাদের একক মোরিং বয়া (এসপিএম–২) গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ট্যাঙ্কার লোডিংসহ সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং এলাকায় থাকা সব ট্যাঙ্কার সরিয়ে নেওয়া হয়েছে।

কাজাখ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা এ বছর তৃতীয় দফা হামলা এবং সম্পূর্ণ বেসামরিক স্থাপনায় এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, নভোরোসিস্ক বন্দরের সিপিসি–র গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ইচ্ছাকৃত হামলা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে আমরা ইউক্রেনের কার্যকর পদক্ষেপ আশা করি।

ইউক্রেন জানায়, তাদের হামলা কাজাখস্তান বা অন্য কোনো পক্ষকে লক্ষ্য করে নয়; বরং রাশিয়ার ‘পূর্ণমাত্রার আগ্রাসন’ প্রতিহত করতেই তারা এসব পরিচালনা করছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য,আগ্রাসীর বিরুদ্ধে পাল্টা হামলা আমাদের আত্মরক্ষার অংশ।

ওপেক সদস্য কাজাখস্তানের মোট তেল রপ্তানির প্রায় ৮০% সিপিসি পাইপলাইনের মাধ্যমে যায়। গত বছর দেশটি ৬৮.৬ মিলিয়ন টন তেল রপ্তানি করেছে। সিপিসি পাইপলাইন তেঙ্গিজ, কারাচাগানাক ও কাশাগান ক্ষেত্র থেকে তেল এনে নভোরোসিস্কের ইউজনায়া ওজেরাইভকা টার্মিনালে পৌঁছায়। মূল সরবরাহ কাজাখস্তান থেকে এলেও রাশিয়ান তেলও এই নেটওয়ার্কে যুক্ত হয়।

১,৫০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে কাজাখ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাজমুনায়গ্যাস, শেভরন, লুকঅয়েল ও এক্সনমোবিল। সিপিসি বলেছে, এই হামলা কনসোর্টিয়ামের সদস্য দেশগুলোর স্বার্থের ওপরই আঘাত।

রাশিয়া এ ধরনের হামলাকে ‘সন্ত্রাসমূলক কার্যক্রম’ বলে অভিহিত করেছে এবং বলেছে, পশ্চিমা শক্তিগুলোর সহায়তায় ইউক্রেন রাশিয়ার ভেতরে কৌশলগত অবকাঠামো টার্গেট করছে। মস্কো বলছে, এসব হামলা অঞ্চলের নৌ–নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।- রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪