| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কমান্ডো–স্নাইপার–ড্রোন–এআই

পুতিনের ভারত সফর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১২:১২:৩৬:অপরাহ্ন  |  ৯৪৬২৭৫ বার পঠিত
পুতিনের ভারত সফর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে ঘিরে দিল্লিতে গড়ে তোলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী। রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি সব মিলিয়ে পাঁচস্তরের কঠোর সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুতিন দিল্লিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এদিন রাতে মোদীর সঙ্গে নৈশ ভোজে অংশ নেওয়ার পর শুক্রবার (৫ ডিসেম্বর) রাষ্ট্রপতি ভবনে তাঁকে জানানো হবে আনুষ্ঠানিক স্বাগত। ওই দিনই তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর হায়দরাবাদ হাউজে শীর্ষ বৈঠক এবং ভারত মণ্ডপমে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। দিনশেষে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশ ভোজেও অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট।

সূত্রগুলো জানায়, সফরের আগে রাশিয়ার চার ডজনেরও বেশি নিরাপত্তাকর্মী দিল্লিতে এসে স্থানীয় পুলিশ ও এনএসজির সঙ্গে পুতিনের সম্ভাব্য যাতায়াতপথ পরীক্ষা করছেন। পুরো কনভয়ের নিরাপত্তায় বিশেষায়িত ড্রোন ও আলাদা নিয়ন্ত্রণকক্ষ থেকে রিয়েল-টাইম নজরদারি চালানো হবে। প্রেসিডেন্টের চলাচলের প্রতিটি পয়েন্টে মোতায়েন থাকবে প্রশিক্ষিত স্নাইপার।

নিরাপত্তা কাঠামোয় যুক্ত করা হয়েছে স্থলভিত্তিক জ্যামার, উন্নতমানের এআই মনিটরিং সিস্টেম ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা। পুতিন ভারতে অবতরণ করার পর থেকেই পাঁচ স্তরের সুরক্ষাচক্র সক্রিয় থাকবে।

বাইরের নিরাপত্তা বলয় সামলাবে এনএসজি ও দিল্লি পুলিশ। ভেতরের বলয়গুলো রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটির নিয়ন্ত্রণে থাকবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অবস্থানের সময় ভারতের স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) কমান্ডোরা সবচেয়ে ভেতরের বলয়ে দায়িত্ব পালন করবেন।

পুতিন যেসব স্থানে যাবেন, সেসব স্থান রুশ নিরাপত্তা কর্মকর্তারা আগেই পরিদর্শন করেছেন। তাঁর থাকার হোটেল সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে। এমনকি সম্ভাব্য বিকল্প বা আকস্মিক গন্তব্যের তালিকা করেও সেখানে নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে তাঁর ব্যবহৃত বিলাসবহুল সাঁজোয়া ‘অরাস সিনাট’ লিমুজিন। মস্কো থেকে বিশেষভাবে আনা হবে এই গাড়ি। চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনেও পুতিন ও মোদীকে একই সিনাট গাড়িতে দেখা গিয়েছিল।

‘চলমান দুর্গ’ নামে পরিচিত অরাস সিনাট রাশিয়ার অরাস মোটরসের তৈরি সাঁজোয়া লিমুজিন, যা ২০১৮ সাল থেকে পুতিনের রাষ্ট্রীয় বাহনের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। রুশ সরকারের জন্য স্বদেশি প্রযুক্তিতে উন্নত নিরাপদ ও বিলাসবহুল যান তৈরির উদ্দেশ্যে ‘কোর্তেজ প্রকল্প’-এর আওতায় নির্মিত হয়েছে এই গাড়ি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪