রিপোর্টার্স২৪ ডেস্ক: দু’দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রানওয়েতে করমর্দনের পর মোদী পুতিনকে আলিঙ্গন করেন। পরে দুজন একই গাড়িতে করে সফরসূচির পরবর্তী স্থানে রওনা দেন।
সাধারণ নিয়ম অনুযায়ী বিদেশি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর দায়িত্ব থাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর ওপর। তবে এর আগেও মোদী কয়েক দফা প্রোটোকল ভেঙে গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন। ২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং ২০১৮ সালে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্বাগত জানাতে তিনিই বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠক আজ
এই সফরে পুতিন অংশ নেবেন ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একাধিক চুক্তি সই হতে পারে। এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে অতিরিক্ত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সম্ভাবনা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি, জাহাজ নির্মাণ ও বিমান নির্মাণসহ বহু ক্ষেত্রে ভারত–রাশিয়ার যৌথ উদ্যোগ ভবিষ্যতের কৌশলগত স্বার্থকে আরও শক্তিশালী করবে। তিনি জানান, দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও সম্ভাবনা নিয়েও আলোচনা করবে।
রিপোর্টার্স২৪/এসসি