সিনিয়র রিপোর্টার: সরকার ও নির্বাচন কমিশনকে শঙ্কা দূর করে মানুষের অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, নির্বাচনের আয়োজন হবে এ বিষয়ে এখন আর কোনো সন্দেহ নেই। তবে নির্বাচন কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, সেই শঙ্কা এখনও কাটেনি। প্রধান উপদেষ্টা ইতিহাসের সর্বোত্তম নির্বাচন আয়োজনের কথা বলেছেন, যার প্রত্যাশায় সবাই অপেক্ষায় আছে।
বুধবার(১০ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক্-নির্বাচনী উদ্যোগ ‘আঞ্চলিক পরামর্শ সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচনের পক্ষে রাজনৈতিক দল, ব্যবসায়ী গোষ্ঠী, নাগরিক সমাজ, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার সবাই একমত। কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা দূর হচ্ছে না।
রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, দেড় বছর ধরে দেশে নানা ধরনের সংস্কারের আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর ভেতরের সংস্কার নিয়ে কোনো বড় অগ্রগতি হয়নি। রাজনীতিবিদ, সরকার, নির্বাচন কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশন কোনো প্রতিষ্ঠানই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি।
রিপোর্টার্স২৪/এসসি