আশিস গুপ্ত, নতুন দিল্লি : মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির উপর আকাশছোঁয়া ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর বিশ্ব বাণিজ্য যুদ্ধের আবহে এবার ভারত-সহ বেশ কয়েকটি এশীয় দেশের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিল মেক্সিকো। বুধবার মেক্সিকোর সিনেট ভারত, চীন এবং অন্যান্য এশীয় দেশ থেকে আমদানি করা বহু পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব অনুমোদন করেছে। এই পদক্ষেপকে বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার কৌশল হিসেবে দেখছেন।
নতুন এই শুল্ক বৃদ্ধি কার্যকর হবে ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে। এই শুল্কের ফলে যে সমস্ত দেশের সাথে মেক্সিকোর কোনো বাণিজ্য চুক্তি নেই, তাদের পণ্য যেমন গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র, প্লাস্টিক এবং স্টিলের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে। এর ফলে ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলি সরাসরি প্রভাবিত হবে। মেক্সিকোর উদ্দেশ্য হলো, এই পদক্ষেপের মাধ্যমে আগামী বছর প্রায় ৩.৭৬ বিলিয়ন ডলার (প্রায় ৩৩,৯১০ কোটি টাকা) অতিরিক্ত রাজস্ব আয় করা এবং একই সাথে প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া।
তবে বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মূল কারণ হলো, ইউএস-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি পর্যালোচনার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মন জয় করা, কারণ যুক্তরাষ্ট্র হলো মেক্সিকোর বৃহত্তম বাণিজ্য অংশীদার। উল্লেখ্য, এর আগে চলতি বছরের শুরুতে মেক্সিকো চীনা পণ্যের উপর শুল্ক বাড়ালেও ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত শেইনবাউম সরকারের সমালোচনা করে এসেছেন। গত কয়েক সপ্তাহে ট্রাম্প মেক্সিকোর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ৫০ শতাংশ এবং ফেন্টানিল নামক আফিম জাতীয় ড্রাগের অবৈধ প্রবাহ বন্ধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এমনকি চলতি সপ্তাহের শুরুতে একটি ১৯৪৪ সালের চুক্তি ভঙ্গের অভিযোগে মেক্সিকোর উপর ৫ শতাংশ শুল্কের নতুন হুঁশিয়ারিও দিয়েছিলেন ট্রাম্প।
মেক্সিকোর এই নতুন শুল্কারোপের ফলে ভারত-মেক্সিকো দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় প্রভাব পড়তে পারে। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য ১১.৭ বিলিয়ন ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। মেক্সিকোর রপ্তানির ক্ষেত্রে ভারত নবম বৃহত্তম গন্তব্য। বর্তমানে ভারত মেক্সিকোর সাথে উল্লেখযোগ্য বাণিজ্য উদ্বৃত্ত বজায় রাখে। ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, মেক্সিকোতে ভারতের রপ্তানি ছিল প্রায় ৮.৯ বিলিয়ন ডলার, যেখানে আমদানি ছিল ২.৮ বিলিয়ন ডলার। এর ফলে নয়াদিল্লির অনুকূলে একটি শক্তিশালী বাণিজ্য ভারসাম্য ছিল। ২০২৪ সালে ভারত থেকে মেক্সিকোর প্রধান আমদানি পণ্যের মধ্যে ছিল মোটরগাড়ি, গাড়ির যন্ত্রাংশ এবং অন্যান্য যাত্রীবাহী যান। এখন এই পণ্যগুলির উপর মেক্সিকোর উচ্চ শুল্ক আরোপের ফলে আগামী বছর আমদানি ব্যাপকভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি