রিপোর্টার্স২৪ ডেস্ক: সচিবালয়ে ২০ শতাংশ ভাতা বৃদ্ধির দাবিতে মিছিল, মিটিং ও আন্দোলন করার পাশাপাশি অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পার্সোনাল অফিসার ও সংযুক্ত পরিষদের সভাপতি বাদীউল কবির, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহীন গোলাম রব্বানী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক নজরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক মিজানুর রহমান সুমন এবং অন্যান্য ৯ জন।
মামলার পর সব আসামিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোর্টে চালান করা হয়েছে।
এর আগে, গত বুধবার সচিবালয়ে কর্মরত সরকারি কর্মকর্তারা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ছয় ঘণ্টা ধরে অবরুদ্ধ রাখেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় তাদের দাবি মেনে সরকারি আদেশ (জিও) জারি করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর সচিবালয়ের বাদামতলায় আন্দোলন পরিচালনা করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারি আচরণবিধি অমান্য করায় অন্তত চারজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল।
রিপোর্টার্স২৪/আয়েশা