| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে নির্দেশ প্রধান উপদেষ্টার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৯:৫৪:০১:পূর্বাহ্ন  |  ৪২১১৫৮ বার পঠিত
হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে নির্দেশ প্রধান উপদেষ্টার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই এ ধরনের সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

প্রধান উপদেষ্টা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দিয়েছেন, আহত প্রার্থীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা এবং চিকিৎসা কার্যক্রমের তদারকি কঠোরভাবে করার জন্য।

একই সঙ্গে প্রফেসর ইউনূস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপরভাবে তদন্ত চালিয়ে হামলায় জড়িত সকলকে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচন করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হোক।

তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এছাড়া দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী ও নাগরিকদের শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হতে পারে।

অন্যদিকে, আহত ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন, তার অবস্থা গুরুতর। মাথায় গুলির আঘাতের কারণে তিনি বর্তমানে কোমায় রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। আহত প্রার্থীকে দ্রুত উদ্ধার করে বিকেল ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে আনা হয়।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে, এবং দেশের নিরাপদ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টার সতর্ক বার্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪