রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে গভীর রাতে ট্রাক দিয়ে পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে ১১টি গরু, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে ডাকাত দলের সদস্যরা। লুট হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুই গরু ব্যবসায়ী।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাত ৪টার দিকে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীরা হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও ইলিয়াস মৃধা। ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন।
ভুক্তভোগীদের বরাতে জানা যায়, সোমবার ভোররাতে পাংশায় মহাসড়কের পাশের একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে ভোররাত পৌনে ৪টার দিকে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের ট্রাকের গতিরোধ করে। পরে ওই ট্রাক থেকে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।
একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা ট্রাকটি চালিয়ে শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যায়। সেখানে নিজেদের ট্রাকে একে একে ১১টি গরু তুলে নেয় তারা। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালায় ডাকাতেরা। এতে দুই ব্যবসায়ী আহত হন।
লুটপাট শেষে গরু পরিবহনে ব্যবহৃত ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ব্যবসায়ীরা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া ট্রাক ও গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ