রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা বা ব্রাজিলের ম্যাচ নয় ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা তৈরি করেছে পর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচ। টিকিটের উচ্চমূল্য নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা থাকলেও মাঠে বসে খেলা দেখার আগ্রহ যে কমেনি, তারই প্রমাণ মিলেছে ফিফার সর্বশেষ তথ্যে।
শুক্রবার থেকে ২০২৬ বিশ্বকাপের তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৫০ লাখ টিকিটের জন্য আবেদন পেয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার দাবি, এই বিপুল সংখ্যক আবেদন প্রমাণ করে। বিশ্বকাপের টিকিটের চাহিদা এখন ‘অসাধারণ পর্যায়ে’ পৌঁছেছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য ২০০টিরও বেশি দেশের সমর্থকরা টিকিট কেনার আগ্রহ দেখিয়েছেন। সম্প্রতি ৪৮ দলের বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত হওয়ার পর এই প্রথম নির্দিষ্ট ম্যাচভিত্তিক টিকিটের জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন সমর্থকরা।
ফিফা জানিয়েছে, ‘র্যান্ডম সিলেকশন ড্র’ পদ্ধতির মাধ্যমে সমর্থকরা ম্যাচ, টিকিট ক্যাটাগরি ও প্রতি ম্যাচে কতটি টিকিট চান তা নির্বাচন করে আবেদন করছেন। এই ধাপের টিকিট বিক্রি চলবে আগামী বছরের ১৩ জুন পর্যন্ত। যাদের আবেদন গ্রহণ করা হবে, তাদের ফেব্রুয়ারিতে ই-মেইলের মাধ্যমে জানানো হবে এবং স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে নেওয়া হবে।
ফিফার তথ্যমতে, তৃতীয় ধাপে সবচেয়ে বেশি আবেদন এসেছে তিনটি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এরপর রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামা।
গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি টিকিটের আবেদন পড়েছে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচে। আগামী ২৭ জুন মায়ামিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বিশ্বকাপ অভিযান শুরু করবে। চাহিদার শীর্ষে থাকা অন্য ম্যাচগুলো হলো—ব্রাজিল বনাম মরক্কো, মেক্সিকো বনাম সৌদি আরব, ইকুয়েডর বনাম জার্মানি এবং স্কটল্যান্ড বনাম ব্রাজিল।
বিশ্বকাপ শুরুর আর মাত্র ছয় মাস বাকি থাকলেও টিকিটের মূল্য নিয়ে বিতর্ক থামেনি। ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সমর্থকরা অভিযোগ করছেন, বিডিংয়ের সময় যে দামের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার সঙ্গে বর্তমান মূল্যের বড় ধরনের অমিল রয়েছে।
সংবাদ সংস্থা এপি জানায়, গ্রুপ পর্বে ফিফা প্রথমে সর্বনিম্ন ৬০ ডলারে টিকিট ছাড়ার কথা বললেও অনেক ক্ষেত্রে দাম বেড়ে গেছে কয়েক গুণ। জার্মান সকার ফেডারেশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, গ্রুপ পর্বের টিকিটের দাম সর্বনিম্ন ১৮০ ডলার থেকে সর্বোচ্চ ৭০০ ডলার পর্যন্ত। ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৪ হাজার ১৮৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকার বেশি।
বিশ্বকাপ টিকিটের এই উচ্চমূল্যের তালিকা প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন সমর্থক সংগঠন। ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) ফিফাকে ‘প্রতারক’ ও ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে।
তবে ফিফা বলছে, টিকিটের বিপুল চাহিদাই প্রমাণ করছে। সমর্থকগোষ্ঠীর এই অভিযোগ বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না।
রিপোর্টার্স২৪/ঝুম