| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১০:০৪:০৭:পূর্বাহ্ন  |  ৪১৫৮৪৯ বার পঠিত
উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপকূলীয় অঞ্চল রক্ষায় বনায়ন ও কৃষিজমি সংরক্ষণের ওপর জোর দিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় উপকূল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উপকূলীয় এলাকার সমস্যা দিন দিন জটিল হচ্ছে। প্রতিদিন নতুন দুর্যোগ, প্রাকৃতিক সম্পদের ক্ষয়ক্ষতি, খাদ্য নিরাপত্তা হুমকি ও দারিদ্র্যের বৃদ্ধি দেখা দিচ্ছে। এর ফলে জলবায়ু উদ্বাস্তু, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও কার্বন শোষণ হ্রাসের মতো সংকট আরও তীব্র হচ্ছে।

তিনি সতর্ক করেন, ক্ষতিগ্রস্ত মানুষদের রক্ষা না করলে নীতিগত পরিকল্পনা অর্থহীন হয়ে যাবে। এছাড়া, সেন্টমার্টিনসহ বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিত পর্যটন ও স্থানীয় নৌযান চলাচলে বাধা ও জীবিকানির্ভর মানুষের আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা প্রয়োজন।

সৈয়দা রিজওয়ানা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিপুল জনগোষ্ঠী বসবাস করে। জলবায়ু ঝুঁকি বাস্তব হলে এই জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে কোস্টাল জোন ম্যানেজমেন্টে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা অপরিহার্য। পানি সম্পদ, নদী রক্ষা, পরিবহন ও কৃষি খাতকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় উপকূল সম্মেলনের আহ্বায়ক গওহার নঈম ওয়ারা, প্রাণের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, বন অধিদপ্তরের উপপ্রধান জাহিদুল কবির, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড ডিপাক এলমার ও কোস্ট ট্রাস্টের নির্বাহী প্রধান রেজাউল করিম চৌধুরী।

সম্মেলনে দেশের উপকূলীয় ১৯ জেলার কৃষি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, জেলে সম্প্রদায়, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতের তিন শতাধিক প্রতিনিধি, গবেষক, শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী অংশ নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪