রিপোর্টার্স২৪ডেস্ক: আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনার দিন আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা চালায়।
এবার ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দিবসটি পালিত হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার মধ্য দিয়ে দেশ নতুন গণতান্ত্রিক অভিযাত্রার পথে এগোচ্ছে। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার অগ্রগতিকে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাস্তবায়নের সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকেই।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
আজ সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।
সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সর্বস্তরের জনগণ সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ গণমাধ্যমগুলো দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।
বিএনপি আজ সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে। সারাদেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এদিন বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ, সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাংলাদেশ জাসদ, ন্যাপ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, গণসংহতি আন্দোলন, বাসদ (মার্ক্সবাদী), মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব আলোকবর্তিকাকে, যাদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের পথচলা।