স্টাফ রিপোর্টার: শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে আনার দাবি ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের “মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন” কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে লং মার্চ শুরু হয়। বিকেল ৪টায় বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে লং মার্চ থামিয়ে দেয়।
সরেজমিনে দেখা যায়, লং মার্চ এগোতে না পারায় জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানান। পাশাপাশি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
পুলিশের রাস্তায় ব্যারিকেড স্থাপন ও জুলাই ঐক্যের নেতাকর্মীদের সড়কে অবস্থানের কারণে বিকেল ৩টা থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি