ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে মাথা নত করার প্রশ্নই আসে না, বরং শেষ পর্যন্ত তাদেরই নতি স্বীকার করতে বাধ্য করা হবে—এমন কঠোর বার্তা দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে রয়েছে এবং ইরানের জনগণের দৃঢ় অবস্থানের কারণে দেশটি প্রত্যাশিত সহযোগিতাও পাচ্ছে না।
পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে ইমাম খোমেনি (রহ.)-এর মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন আইআরজিসি প্রধান।
অনুষ্ঠানে বাসিজ বাহিনীর কমান্ডার ও সদস্যরা ইমাম খোমেনি (রহ.)-এর আদর্শ এবং লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি নিজেদের আনুগত্য পুনর্ব্যক্ত করেন।
ইরানের জনগণের ভূমিকা ও প্রতিরোধের দৃঢ়তার ওপর গুরুত্ব দিয়ে জেনারেল ওয়াহিদি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই বর্তমান সময়ের মতো এতটা আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়েনি। ইরানের জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামনে কখনো মাথা নত করবে না।
তিনি আরও বলেন, ইরান বর্তমানে আরেকটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুত। দেশটির জনগণ তাদের শহীদ ইমামের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করছে। জনগণের অবিচল অবস্থান ও প্রতিরোধের কারণেই আধিপত্যবাদী শক্তিগুলো বড় ধরনের আঘাতের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অবস্থান প্রসঙ্গে আইআরজিসি প্রধান দাবি করেন, ওয়াশিংটন বিভিন্ন পক্ষের কাছে সহযোগিতা চাইলেও ইরানের জনগণের ভয়ে অনেকেই প্রকাশ্যে সহায়তা করতে এগিয়ে আসেনি। কিছু দেশ গোপনে সহযোগিতা করলেও যুক্তরাষ্ট্র এর চেয়ে অনেক বেশি সমর্থন প্রত্যাশা করেছিল।
মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেন, ইরানের জনগণ তাদের অবস্থানে অটল রয়েছে। আধিপত্যবাদী শক্তি ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামনে তারা কখনো মাথা নত করবে না। বরং পরিস্থিতির শেষ পরিণতিতে তাদেরই নতি স্বীকার করতে বাধ্য করা হবে।
আইআরজিসি প্রধানের এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অবস্থান এবং ইরানের প্রতিরোধনীতি নিয়ে তেহরানের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ