রিপোর্টার্স২৪ ডেস্ক: ব্রাজিলের ক্লাব বোটাফোগোর প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডেভিড আনচেলত্তি। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড, যিনি এর আগে ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফে বাবার সঙ্গে কাজ করেছিলেন, বোটাফোগো দিয়েই প্রথমবারের মতো পেশাদার কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন।
ক্লাব সূত্র ও দেশটির গণমাধ্যম জানায়, বোটাফোগোর ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে কোচিং স্টাফের সঙ্গে ক্লাব পরিচালনার মধ্যে মতবিরোধ তৈরি হয়।
ডেভিড আনচেলত্তি স্পষ্ট করে জানান, সম্পূর্ণ টেকনিক্যাল টিম একসঙ্গে কাজ করার সুযোগ না থাকলে তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না। তবে ক্লাব কর্তৃপক্ষ তার এই শর্ত মেনে নেয়নি। এর ফলেই শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় বোটাফোগো জানায়, আসন্ন মৌসুমে ক্লাবটির ডাগআউটে আর দেখা যাবে না ডেভিড আনচেলত্তিকে। একই সঙ্গে কোচিং স্টাফের আরও কয়েকজন সদস্য লুকা গুয়েরা, সহকারী কোচ লুইস তেভেনেত এবং অ্যান্ড্রু ম্যাঙ্গানও ক্লাব ছাড়ছেন।
ডেভিড আনচেলত্তির অধীনে বোটাফোগো মোট ৩২টি ম্যাচ খেলেছে। এসব ম্যাচে দলটি ১৪টি জয়, ১১টি ড্র এবং ৭টি হারের মুখোমুখি হয়। পুরো মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করে ক্লাবটি।
এক বিবৃতিতে বোটাফোগো কর্তৃপক্ষ ডেভিড আনচেলত্তির পেশাদারিত্ব ও দায়বদ্ধতার প্রশংসা করে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য তার প্রতি শুভকামনা জানায়।
রিপোর্টার্স২৪/ঝুম