রিপোর্টার্স২৪ ডেস্ক : বিপ্লবী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র মৃত্যুর শোকের মুহূর্তে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সবাইকে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনুস বলেন, শোকের এই মুহূর্তে আসুন আমরা শহিদ হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি। ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি।
তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহিদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।
ড. ইউনুস হাদিকে অভিজাত তরুণ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, বিপ্লবী রক্তে উজ্জীবিত ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্ম শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার দৃষ্টান্ত হিসেবে দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তিনি দেশের নাগরিকদের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্তের সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান উপদেষ্টা আরও জানান, ওসমান হাদি ছিলেন ফ্যাসিস্ট ও পরাজিত শক্তির শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা ব্যর্থ হবে। ভয়, সন্ত্রাস বা রক্তপাতের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
রিপোর্টার্স২৪/এসসি