স্টাফ রিপোর্টার: রক্ষণাবেক্ষণের জন্য আজ মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটির বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম (এওএইচ) চলবে।
তবে এ সময়ে বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আদানি পাওয়ারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পূর্বপরিকল্পিত এ কার্যক্রম নেওয়া হয়েছে। ২৫ দিনব্যাপী এ কার্যক্রমে ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে।
আদানি পাওয়ার জানায়, পরিকল্পিত এ রক্ষণাবেক্ষণ কার্যক্রমের বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্মতি দিয়েছে।
রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ৮০০ মেগাওয়াট ইউনিটটি স্বাভাবিকভাবে উৎপাদনে থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ