রিপোর্টার্স২৪ ডেস্ক: চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ নম্বর ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। শহীদ ওসমান হাদির মরদেহ মর্যাদাপূর্ণ ও নিরাপদভাবে দেশে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার ফলে ভাঙচুরের ঘটনাও ঘটে।
এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।
দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পর শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ রাজনৈতিক কর্মী। তার মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে রাজধানীতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
রিপোর্টার্স২৪/ঝুম