স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ রোববার (২১ ডিসেম্বর) দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ আদেশ দেবেন।
মামলার আসামিরা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা, যেমন— র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, কর্নেল কেএম আজাদসহ অন্যান্যরা। পলাতক আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও র্যাবের কয়েকজন প্রাক্তন উচ্চ কর্মকর্তা।
গত ১৪ ডিসেম্বর গ্রেপ্তার আসামিদের পক্ষে শুনানি শেষে, প্রসিকিউটর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন। ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর টিএফআই সেলের অমানবিক কার্যক্রম ও দীর্ঘ ১৬ বছরের গুম-পরিস্থিতি তুলে ধরেন।
২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ১০ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর পলাতক আসামিদের হাজিরের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ও স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি