| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূলের নেতাকর্মীরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ১৭:২৮:১০:অপরাহ্ন  |  ৩১০ বার পঠিত
শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূলের নেতাকর্মীরা

শরীয়তপুর প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দুঃসময়ে হামলা-মামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শের প্রতি অবিচল থাকা ত্যাগী নেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি মোঃ রেজাউল হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন, দলের তৃণমূলের নেতাকর্মীরা। সম্প্রতি একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দাবি করে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তাঁরা।

দলের তৃণমূলের নেতাকর্মীরা জানান, রেজাউল হাওলাদার দীর্ঘদিন ধরে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। বিশেষ করে রাজনৈতিক প্রতিকূলতার সময় নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। তাঁর মতো একজন ত্যাগী নেতাকে বহিষ্কারের ঘটনায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, রেজাউল হাওলাদার শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য, নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সর্বশেষ তিনি নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক অবদান বিবেচনায় না নিয়ে একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে। কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে রেজাউল হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। 

এবিষয়ে রেজাউল হাওলাদার বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের দুঃসময়ে রাজপথে থেকেছি। হামলা-মামলা ও নির্যাতনসহ নানা প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা হারাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি বিশ্বাস করি, সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। দলের কাছে আমার আবেদন, আমার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অবদান বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হোক।

তিনি আরও বলেন, দল ও দলের নেতৃত্বের প্রতি আমার আস্থা ও ভালোবাসা আগের মতোই রয়েছে। আমি দলের একজন কর্মী হিসেবে থাকতে চাই। কোনো ভুল বোঝাবুঝি বা মিথ্যা অভিযোগের কারণে যেন দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের অবসান না ঘটে, সেটিই আমার প্রত্যাশা।

এদিকে, তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। তাই রেজাউল হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারে জেলা সহ দলীয় হাইকমান্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলা ঘড়িসার বাজারের একটি মসজিদের জায়গা দখলের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মো. রেজাউল হাওলাদারকে বহিষ্কার করা হয়। ৩১ অক্টোবর ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক  (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মো. রেজাউল হাওলাদারকে দলের প্রাথমিক সদস্য পদ-সহ সব পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়।স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, তবে তৎকালীন সময়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার বাজার জামে মসজিদের নিজস্ব জায়গায় দোকানঘর নির্মাণ ও ভাড়া আদায় নিয়ে লিখিত বক্তব্য দিয়েছে মসজিদ কমিটি। নির্মিত দোকানঘরটির বিরুদ্ধে কমিটির কোনো আপত্তি বা অভিযোগ নেই বলে জানানো হয়েছে।  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে এ তথ্য জানায় ঘড়িসার বাজার জামে মসজিদ কমিটি।

চিঠিতে উল্লেখ করা হয়, মসজিদের নিজস্ব জায়গায় দোকানঘর নির্মাণের অনুমতি সাপেক্ষে ৩২ ফুট বাই ২০ ফুট আয়তনের একটি ঘর নির্মাণ করা হয়েছে। মসজিদের জায়গা ব্যবহারের জন্য সংশ্লিষ্টরা নিয়মিত মাসিক ভাড়া দিয়ে আসছেন। নির্মিত ঘরটির তৎকালীন (তিন মাসের) ভাড়াও পরিশোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, নির্মিত ঘরটির বিরুদ্ধে মসজিদ কমিটির কোনো ওজর বা আপত্তি নেই। অন্যান্য ঘরের ভাড়া যেভাবে আদায় করা হয়, একই নিয়মে এ ঘরটির ভাড়াও আদায় করা হচ্ছে। জায়গা বরাদ্দের ক্ষেত্রে মসজিদ কমিটির কর্তৃপক্ষ কিংবা বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির কারও বিরুদ্ধে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন বা অসদুপায় অবলম্বনের ঘটনা ঘটেনি। চিঠিতে বিষয়টি সংশ্লিষ্টদের অবগতির জন্য পাঠানো হয়েছে।  

চিঠিতে স্বাক্ষর করেন ঘড়িসার বাজার জামে মসজিদ কমিটির তৎকালীন সভাপতি এ্যাড. ফিরোজ আহাম্মেদ ও সেক্রেটারী হাজী মোঃ মাছুম খান এবং ঘড়িসার বাজার জামে মসজিদ নির্মাণ কমিটির সভাপতি সেকান্দার আলী হাওলাদার।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪