রিপোর্টার্স২৪ডেস্ক: প্রথম আলো ও ডেইলি স্টারসহ গণমাধ্যমে হামলার ঘটনা সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এসব হামলা জাতির জন্য লজ্জাজনক এবং সরকারের দুর্বলতাকেই স্পষ্ট করে তুলেছে।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সম্প্রতি পরিকল্পিতভাবে গণমাধ্যমকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে এবং কোথাও কোথাও মবকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
সালাহউদ্দিন আহমদ বলেন, হামলার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকার পরও কেন সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি সে প্রশ্নের জবাব সরকারেরই দিতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী দেরিতে সাড়া দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশের মানুষ পূর্ণ গণতন্ত্র চায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, যাতে তারা গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, জনগণ প্রত্যাশা করে তার প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
রিপোর্টার্স২৪/এসসি