স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটসালের প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছে। সাত বছর পর আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় সাফ নারী ফুটসালে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে সোমবার (২২ ডিসেম্বর) নারী দলের জন্য দুই জন ইরানি নারী কোচ নিয়োগ দেওয়া হয়েছে।
বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানান, মিত্রা চিনসারি সহকারী কোচ এবং মাহানাজ আশতে গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। সাফ টুর্নামেন্ট পর্যন্ত তারা নারী দলের সঙ্গে থাকবেন। বাংলাদেশ নারী ফুটবলে এই প্রথম বিদেশি নারী কোচ কাজ করছেন।
তবে নারী দলের হেড কোচ হিসেবে দায়িত্বে থাকছেন পুরুষ ফুটসাল দলের কোচ সাঈদ খোদারাহমি। ইমরানুর রহমান বলেন, সাঈদ একজন অভিজ্ঞ কোচ। সূচি অনুযায়ী পুরুষ ও নারী দলের ম্যাচ আলাদা দিনে হওয়ায় কোচিংয়ে সমস্যা হবে না।
উল্লেখ্য, এএফসির গাইডলাইন অনুযায়ী কোচিং লাইসেন্সের বাধ্যবাধকতার কারণে এর আগে ইরানি কোচ সাঈদ খোদারাহমিকে নিয়োগ দিয়েছিল বাফুফে। তার চুক্তি সাফ টুর্নামেন্ট পর্যন্ত নবায়ন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি