রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে আসা তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সূত্র জানায়, যাত্রাবিরতি শেষে একই উড়োজাহাজে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর পৌনে ১২টার দিকে ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
জানা গেছে, নির্ধারিত ফ্লাইট ছাড়ার প্রায় চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে লন্ডনের বাসা থেকে রওনা হন তারেক রহমান। পরে বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
এই সফরে তারেক রহমানের সঙ্গে আরও রয়েছেন তার মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম