রিপোর্টার্স২৪ ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা এক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন করে বিক্ষোভ-অবরোধ না থাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই দলে দলে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। তাদের উপস্থিতিতে শিল্পকারখানাগুলোতে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।
শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও নতুন করে শ্রমিক বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় কিছু এলাকায় শ্রমিকদের মধ্যে এখনো চাপা উৎকণ্ঠা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গাজীপুর জেলার কোনো মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ছিল স্বাভাবিক। ফলে কর্মস্থলে যাতায়াতেও আগের মতো বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি শ্রমিক ও সাধারণ যাত্রীদের।
এদিকে, পরিস্থিতি শান্ত থাকলেও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন বিজিবির ১২ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং এসআরবির আট প্লাটুন সদস্য। পাশাপাশি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেখা গেছে। শ্রমিকদের উপস্থিতিতে কারখানাগুলোতে কাজের পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।
তিনি আরও জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
শিল্প পুলিশ সুপার বলেন, যৌথ বাহিনীর কঠোর উপস্থিতির কারণে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
দীর্ঘ কয়েক দিনের অস্থিরতা ও কর্মবিরতির পর শ্রমিকদের কর্মস্থলে ফিরে আসায় গাজীপুরের শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। তবে শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবি ও সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রিপোর্টার্স২৪/ঝুম