রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার তিনশ’ ফুট সড়কে আয়োজিত গণসংবর্ধনাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই অগণিত নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তিনশ’ ফুট সড়ক ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চের সামনে ও চারপাশে দাঁড়ানোর মতো জায়গা নেই। ভোরের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা গণসংবর্ধনাস্থলে আসতে শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, গণসংবর্ধনার জন্য নির্ধারিত মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত। মঞ্চে রয়েছে ১৯টি চেয়ার। মঞ্চের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনার মঞ্চে আসার কথা রয়েছে তারেক রহমানের। তাঁকে একনজর দেখতে ও বরণ করে নিতে সকাল থেকেই অপেক্ষায় আছেন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।
রাজধানীর কুড়িল সড়ক থেকে শুরু করে তিনশ’ ফুট সড়ক হয়ে গণসংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।
নেতা-কর্মীদের স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে তিনশ’ ফুট সড়ক এলাকা কার্যত উৎসবস্থলে রূপ নিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি