স্পোর্টস রিপোর্টার: শুক্রবার পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। তবে ম্যাচ শুরুর আগমুহূর্ত পর্যন্ত চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ দল পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে না পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলটির দায়িত্ব নিজেদের হাতে নেয়।
এই ঘটনাপ্রবাহের মধ্যেই অব্যবস্থাপনার অভিযোগ তুলে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন এবং সিনিয়র সহকারী কোচ তালহা জুবায়ের অনুশীলন বর্জন করে মাঠ ছাড়েন। বিষয়টি নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে তৈরি হয় অনিশ্চয়তা।
তবে সর্বশেষ খবরে জানা গেছে, অভিমান ভেঙে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সুজন ও তালহা। নোয়াখালী এক্সপ্রেসের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, হেড কোচ খালেদ মাহমুদ সুজন এবং সিনিয়র সহকারী কোচ তালহা জুবায়ের আবারও দলের অনুশীলনে যুক্ত হচ্ছেন। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নাকি বিসিবির আশ্বাসে তারা ফিরছেন—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
মিডিয়া ম্যানেজার আরও জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলন করবে নোয়াখালী এক্সপ্রেস কর্তৃপক্ষ।
এর আগে অনুশীলন ছেড়ে মাঠ ত্যাগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করেন খালেদ মাহমুদ সুজন। সিএনজিচালিত অটোরিকশায় মাঠ ছাড়ার সময় তিনি বলেন, ‘কোনোভাবেই আমি বিপিএল করবো না।’ সে সময় তিনি নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে না থাকার কথাও জানান।
শেষ পর্যন্ত কোচিং স্টাফের এই প্রত্যাবর্তনে ম্যাচ শুরুর আগে কিছুটা স্বস্তি ফিরেছে নোয়াখালী এক্সপ্রেস শিবিরে।
রিপোর্টার্স২৪/বাবি