স্টাফ রিপোর্টার: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিতে যাচ্ছেন। গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ঝিনাইদহ–৪ আসন গণ অধিকার পরিষদকে ছেড়ে দিয়েছে। তবে ট্রাক প্রতীকে নির্বাচন করলে ওই আসনে জয় পাওয়া কঠিন হতে পারে—এমন বাস্তবতায় রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপি শরিক দলগুলোকে সমঝোতার ভিত্তিতে মোট ২৮টি আসন ছেড়ে দিচ্ছে। এরই মধ্যে ১০টি আসনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঝিনাইদহ–৪ আসন রাশেদ খানের জন্য ছেড়ে দেওয়ার কথাও জানান। এ নিয়ে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাশেদ খানকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে একই সময়ে দলের সভাপতি নুরুল হক নুর এক অডিও বার্তায় বলেন, এটি বহিষ্কার নয়, বরং নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খান দলীয় পদ ছাড়ছেন।
নুরুল হক নুর বলেন, আরপিও অনুযায়ী জোটবদ্ধ হলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হয়। তাই যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই নির্বাচনে জয়ের কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সে কারণেই রাশেদ খানকে এ অনুমতি দেওয়া হয়েছে।
তিনি জানান, রাশেদ খান ঝিনাইদহ–৪ আসনে ধানের শীষে নির্বাচন করবেন এবং শিগগিরই গণ অধিকার পরিষদে একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি