ক্রীড়া প্রতিবেদক: বিপিএলের ম্যাচ চলাকালে মাঠেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি শনিবার মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন। বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে দলের প্রথম ম্যাচের আগে সকালে মাঠে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
মাঠে হার্ট অ্যাটাক করার পর তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দেওয়া হয়। কিছু সময়ের জন্য তিনি সাড়া দিলেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
জাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানান, মাঠেই তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। দ্রুত সিপিআর দেওয়ায় তিনি সাময়িকভাবে নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
শনিবার সকালে ম্যাচের কৌশল নির্ধারণ ও খেলোয়াড়দের গা গরম করাতে নির্ধারিত সময়েই মাঠে উপস্থিত ছিলেন জাকি। তবে হঠাৎ করেই তিনি দলের ডাগআউটের কাছে মাটিতে লুটিয়ে পড়েন। দলের ফিজিও দ্রুত বিষয়টি বুঝে সিপিআর দিতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের বিলম্ব ছাড়াই তাঁকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিং পেশায় যুক্ত হন। বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে কাজ করার পাশাপাশি ঘরোয়া ক্রিকেট ও বিভিন্ন পর্যায়ে বোলারদের নিয়ে কাজ করেছেন তিনি।
জাতীয় দলের পেস ইউনিট গড়ে তোলায় তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের মতো বোলারদের সঙ্গে কাজ করেছেন জাকি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে জাকির তত্ত্বাবধানেই সেটি সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
জাকির আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/এসসি