সিনিয়র রিপোর্টার: চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মিডিয়া সেলের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে, আজ শনিবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। আজ শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে তিনি পুনরায় হাসপাতালে যান।
সকালেই তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এরপর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় গিয়ে ভোটার তালিকায় নিবন্ধন করান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সেখান থেকে তিনি দক্ষিণের বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। পরে গুলশানের বাসায় ফেরেন। এরপর ধানমন্ডিতে শাশুড়ি ইকবাল মান্দ বানুকে দেখতে গিয়ে সরাসরি চলে যান বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে।
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বিজিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন। এছাড়া হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ)-এর সদস্যরাও নিরাপত্তা তদারকিতে রয়েছেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলমান অবস্থায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে।
রিপোর্টার্স২৪/এসসি