স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয়, তবে বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করে নেবে। নইলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না।’
তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্বাচন চান না।
শুক্রবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে-বাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, 'খুব দুঃখের সঙ্গে একটি কথা বলি, দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগল না। দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। তিনি [ড. ইউনূস] বললেন, একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সে হলেন ড. ইউনূস। উনি নির্বাচন চায় না।'
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, আর এই ডিসেম্বরের কথা প্রথম ইউনূস সাহেবই বলেছেন। পরে তিনি নির্বাচন জুন মাসে সরিয়ে নিয়ে গেলেন।
তিনি আরও বলেন, 'জুন মাসে যদি নির্বাচনের কথা বলে, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বর করতে হবে। আর নির্বাচন করতে না চান সেটা সাহেবের দায় দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। বাংলাদেশ জনগণ এ নির্বাচন আদায় করবে নইলে এদেশে ভৌগোলিক অখণ্ডতা থাকবে না।'
জিয়াউর রহমান অনেক সংস্কার করেছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, 'জিয়াউর রহমান সংস্কার করার জন্য কখনই বিদেশ থেকে কাউকে আমদানি করেন নাই। কিন্তু এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছে সংস্কার করার জন্য। সংস্কার সংস্কার করতে করতে তারা এমন জায়গায় চলে গেছে যে, তারা আর নির্বাচন দিতে চায় না।'
তিনি আরও বলেন, 'নির্বাচন সেরে ফেলার জন্য অনেকেই বলছেন। কিন্তু সবাই বললেও কেবল একটি একটি নির্দিষ্ট দলের মতো করে কেউ বলছেন না।'
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে ভাষণ দেওয়ার সময় বিএনপিকে ইঙ্গিত করে ড. ইউনূস বলেন, 'কিছু রাজনীতিবিদ ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন। তবে আমরা চাই না যে দেশটিকে পুরোনো প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থাতেই রেখে দিই। সংস্কার করে ভালো কাজ করতে চাইলে নির্বাচনের জন্য আমাদের আরও ছয় মাস অপেক্ষা করতে হবে।'
রিপোর্টার্স২৪/এসএমএন