রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে ১২২ গ্রাম হেরোইনসহ রোজী আক্তার (৫৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি স্থানীয়ভাবে ‘পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় অবস্থানকালে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার শহীদ মিনারের সামনে রেললাইনের ফাঁকা জায়গায় এক নারী মাদক কারবারি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় রোজী বেগমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহৃত একটি রেডমি নোট ১৫ মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোজী জানান, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হেরোইন কেনাবেচার সঙ্গে জড়িত। উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও স্বীকার করেন।
ওসি আরও জানান, রোজী বেগম একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে পূর্বের মাদকসংক্রান্ত আরও ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব