জামালপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জামালপুরে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এসব মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
নির্ধারিত সময়সীমা শেষে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইউসুপ আলী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পাঁচটি আসনে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে জামালপুর-৫ (সদর) আসনে এবং সবচেয়ে কম জমা পড়েছে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে।
আসনভিত্তিক হিসেবে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৪ জন, জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৭ জন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১১ জন, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ১০ জন এবং জামালপুর-৫ (সদর) আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা প্রশাসক মো. ইউসুপ আলী বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৩ ও ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে সাতজন এমপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এ. ই. সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো. ছামিউল হক ফারুকী (জামায়াতে ইসলামী), মোস্তফা আল মাহমুদ (জাতীয় পার্টি), মো. আনোয়ার হোসেন (জাতীয় পার্টি—জি এম কাদের), সুলতান মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শফিকুল ইসলাম খান (স্বতন্ত্র) ও অর্নব ওয়ারেজ খান (স্বতন্ত্র)।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শফিকুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হওয়ায় স্থানীয় বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে শফিকুল ইসলাম খান বলেন, দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল হলে যেন এই আসনে ধানের শীষের বিকল্প প্রার্থী থাকে, সে কারণেই তিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল হুসাইন জানান, জামালপুর-২ আসনে পাঁচজন দলীয় ও দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি