| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বিভ্রান্তি ও সংঘাতের পথ ছাড়ুন, বিরোধী দলকে চকলেট দেওয়া হচ্ছে’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ১৫:৪০:২১:অপরাহ্ন  |  ৯৭২ বার পঠিত
‘বিভ্রান্তি ও সংঘাতের পথ ছাড়ুন, বিরোধী দলকে চকলেট দেওয়া হচ্ছে’

বগুড়া প্রতিনিধি: দেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল ‘চকলেট’ পাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেছেন, সংসদে কথা বলার পর্যাপ্ত সুযোগ রয়েছে। তাই একতরফা আন্দোলন, বিভ্রান্তি ছড়ানো, লংমার্চ ও সংঘাতের পথ পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, স্পিকার বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দিচ্ছেন। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে। অথচ সহযোগিতার পরিবর্তে একদফা আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বিরোধী দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। সংবিধানে বিরোধী দলের ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সরকারের ভুল ধরিয়ে দেওয়া এবং সংসদে ওয়াকআউট করা গণতন্ত্রের সৌন্দর্য। ওয়াকআউট শেষে বিরোধী দলের সদস্যরা আবার সংসদে ফিরে আসেন। তবে বাকস্বাধীনতার নামে অশালীন ভাষা ব্যবহার করা উচিত নয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, জামায়াতের নেতৃত্বাধীন জোটের নেতাদের আপত্তিকর মন্তব্য, শালীনতাবিরোধী বক্তব্য ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জুলাই-আগস্টের ঘটনাবলি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বিরোধী দলের নেতারা সারা দিন জুলাই-আগস্ট নিয়ে রাজনীতি করেন এবং বক্তব্য দেন। অথচ আমন্ত্রণ পাওয়ার পরও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হননি। এতে তাঁদের ধোঁকাবাজির পরিচয় পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।

ধর্মীয় উৎসব নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ভোটের আগে জনগণকে বেহেশতের লোভ দেখানো হয়, আবার পূজার সময় ঢাকের তালে নাচতে দেখা যায়। কিন্তু ভোটের পর তাঁদের আর কোনো পূজায় দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ের আগে সড়ক দুর্ঘটনায় নিহত শিবগঞ্জের কিচক হরিপুর গ্রামের ফিরোজার পরিবারের হাতে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত প্রতিভাবান শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মীর শাহে আলম।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, প্রতিমন্ত্রীর রাজনৈতিক প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪