এন্টারটেইনমেন্ট ডেস্ক: সম্প্রতি জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বলিউড অভিনেতা গোবিন্দকে সিনেমার নাভি চরিত্রে অভিনয় করতে। তবে বাস্তবতা হলো, গোবিন্দ এই সিনেমায় অভিনয় করেননি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ এআই-সৃষ্ট এবং আসল ছবির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভিডিওটিতে গোবিন্দকে মুম্বাই স্টাইলে কথা বলতে দেখা যায়, পেছনে জ্যাক সালি ও পরিবারের দৃশ্য দেখানো হলেও এগুলো সিনেমার অংশ নয়।
গোবিন্দ দীর্ঘদিন ধরে দাবি করেছেন যে এক সময় তাঁকে মূল ‘অ্যাভাটার’-এ একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী ১৮ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, তবে ৪০০ দিনের শুটিং ও বিস্তৃত বডিপেইন্টের কারণে স্বাস্থ্যের জন্য ঝুঁকি থাকায় তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।
অভিনেতার প্রযোজক ও দীর্ঘদিনের সহযোগী পাহলাজ নিহালানি জানিয়েছেন, সম্ভবত গোবিন্দ ‘অ্যাভাটার’-কে তাদের বাতিল হওয়া অন্য হিন্দি ছবির সঙ্গে গুলিয়ে ফেলেছেন। ভিডিও ক্লিপের ভাইরাল হওয়ার পরও গোবিন্দ নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।