স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকাই শোক প্রকাশ করেছেন। তাদেরই একজন আলোচিত-সমালোচিত অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে স্মরণ করেছেন অভিনেত্রী শাওন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী শাওন। সেখানে তিনি লেখেন, ‘নব্বই দশকে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখতে চাই।’
এ অভিনেত্রী আরও লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
এদিকে অভিনেত্রী শাওনের এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকসহ তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্তব্যের ঘরে। একইসঙ্গে সাবেক এ প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদা জিয়ার। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয় তাকে।
১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেয়া এই নেত্রী ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের নাম।
রিপোর্টার্স২৪/ধ্রুব