স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না—তিনি দেশের নেতা ছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এক হোটেলে এনআরবি গ্লোবাল কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে সরে যাননি। তার নেতৃত্ব দেশের জন্য মহত্ত্ববোধ সৃষ্টি করেছিল, এটাই ছিল তার রাজনৈতিক পরিচয়, বলেন তিনি।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থার জটিলতা ছিল বেশি এবং গত ৪০ দিনের চিকিৎসার পর মঙ্গলবার ভোর ছয়টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।